চলতি আগস্ট মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
একই সময়ে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১ আগস্ট) প্রকাশিত সংস্থাটির দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ভারতের উজান এলাকায় ভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়তে পারে।
এতে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বন্যার ঝুঁকি দেখা দিতে পারে। অন্যদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, আগস্টে ঘূর্ণিঝড় কিংবা তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা কম। তবে বৃষ্টির বিরতিতে বাতাসে আর্দ্রতা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
মাসের প্রথম সপ্তাহে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মেঘলা আকাশের পাশাপাশি ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হতে পারে। এ সময় সমুদ্র তুলনামূলক শান্ত থাকার সম্ভাবনা রয়েছে।
দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হলে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এবং সমুদ্রবন্দরগুলোতে সতর্কসংকেত জারির প্রয়োজন হতে পারে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে ভারি বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি বাড়তে পারে।
তৃতীয় সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
মাসের শেষ সপ্তাহেও দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পাশাপাশি বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে বিডব্লিউওটি।
এসআর