[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন ড. সাব্বির মোস্তফা খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৬ ৪:২৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার গুরুত্বপূর্ণ সময়ে ঢাকা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ‘

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ধারা ৭(১) অনুযায়ী তাকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, এ নিয়োগের মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনা, নগর ড্রেনেজ, বন্যা নিয়ন্ত্রণ ও জলবায়ু অভিযোজন বিষয়ে দীর্ঘদিনের গবেষণা ও পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞের হাতে প্রতিষ্ঠানটির নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে।

ড. সাব্বির মোস্তফা খানের কর্মজীবনের প্রায় তিন দশক জুড়ে রয়েছে পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী ও বন্যা গবেষণা, নগর জলাবদ্ধতা এবং প্রকৌশল শিক্ষার সঙ্গে সম্পৃক্ততা।

তিনি ১৯৯৬ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরে একই বিশ্ববিদ্যালয় থেকে পানি সম্পদ কৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস (UCLA) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।

১৯৯৭ সালে বুয়েটে প্রভাষক হিসেবে যোগ দেওয়ার পর তিনি পর্যায়ক্রমে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হন।

বর্তমানে তিনি পানি সম্পদ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গবেষণার ক্ষেত্রে তার মূল আগ্রহের বিষয়গুলোর মধ্যে রয়েছে নগর ড্রেনেজ ও জলাবদ্ধতা, নদীর প্রবাহ ও গতিশীলতা, বন্যা পূর্বাভাস, পানি সম্পদ পরিকল্পনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন, পরিবেশগত ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং হাইড্রোলজিক্যাল ও হাইড্রোডায়নামিক মডেলিং।

বিশেষজ্ঞদের মতে, এসব ক্ষেত্র ঢাকা ওয়াসার বর্তমান কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

জাতীয় পর্যায়ের ৫০টিরও বেশি অবকাঠামো প্রকল্পে তিনি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে পদ্মা সেতু সংযোগ সড়ক, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, পায়রা সমুদ্রবন্দর, কর্ণফুলী নদীর জেটি নির্মাণ, রাজউকের ড্রেনেজ পরিকল্পনাসহ বিভিন্ন সরকারি সংস্থার গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প।

বিভিন্ন সময়ে তিনি টিম লিডার, পানি বিশেষজ্ঞ, হাইড্রোলজিস্ট এবং পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

ড. সাব্বিরের ৪০টির বেশি গবেষণাপত্র আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে।

পাশাপাশি তিনি ৩০টিরও বেশি গবেষণা প্রকল্প পরিচালনা করেছেন এবং বহু স্নাতকোত্তর ও পিএইচডি গবেষকের তত্ত্বাবধান করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠান (আইইবি)-এর সম্মানী সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিন্ডিকেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

নতুন চেয়ারম্যান হিসেবে তার সামনে রাজধানীতে নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের ব্যবহার বৃদ্ধি, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সেবার মান ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি উন্নত করার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে।

বিশ্লেষকদের মতে, দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, নিরাপদ পানির চাহিদা, নদীদূষণ ও ভূগর্ভস্থ পানির স্তর হ্রাসের মতো সমস্যাগুলো মোকাবিলায় তার গবেষণা, আন্তর্জাতিক শিক্ষা এবং বড় প্রকল্পে কাজের অভিজ্ঞতা ঢাকা ওয়াসার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তবে এ লক্ষ্য অর্জনে নেতৃত্বের পাশাপাশি প্রয়োজন কার্যকর নীতিগত সহায়তা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ।

এসআর

সম্পর্কিত খবর