[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

সাভারে শুরু হলো গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী ‘জুলাইয়ের লেন্স’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৬ ১১:২৭ এএম

সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন

 প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরতে সাভারে শুরু হয়েছে এক ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী 'জুলাইয়ের লেন্স'। গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ব্যাংক কলোনি এলাকায় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাসভবন অডিটোরিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন কমিটির উদ্যোগে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

​উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবু বলেন, ইতিহাসের বাস্তব দলিল হিসেবে আলোকচিত্রের ভূমিকা অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্ম যাতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস সঠিকভাবে জানতে পারে, সে লক্ষ্যে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। প্রদর্শনীতে সাভারের শহীদদের স্মৃতি, আন্দোলনকারীদের প্রতিরোধ, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং তৎকালীন শাসকগোষ্ঠীর নির্যাতনের চিত্র সম্বলিত গুরুত্বপূর্ণ আলোকচিত্রসমূহ স্থান পেয়েছে।

​আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. কামরুল হাসান, জুলাই যোদ্ধাগণ এবং বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, গণঅভ্যুত্থানের চেতনাকে ছড়িয়ে দেওয়াই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখে গভীর আবেগ ও শ্রদ্ধা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে গণঅভ্যুত্থানের ওপর সেরা আলোকচিত্র জমা দেওয়া ১০ জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

এসআর

সম্পর্কিত খবর