আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নের পূর্ণ দায়িত্ব দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এ বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এসআর