২০২৬ সালের হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা হ্রাসের ঘোষণা দিয়েছে সরকার।
এ সিদ্ধান্তের ফলে হজের বিমান ভাড়া এখন থেকে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, সাশ্রয়ী ও হয়রানিমুক্ত করার উদ্যোগ নিয়েছে। তিনি জানান, গত বছর বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার আরও ২৫ হাজার টাকা কমিয়ে ভাড়া এক লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।
তিনি আরও জানান, সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত নির্মাণ কর কমানোর জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে সরকার। পাশাপাশি বাংলাদেশি হজযাত্রীদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধা নিশ্চিত করার বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা চলছে।
প্রতিমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না বলে সতর্ক করেন। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে সরকারের ঘোষিত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে দেশবাসীর দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, দেশের প্রায় ৯৫ শতাংশ হজযাত্রী বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান, আর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন মাত্র ৫ শতাংশ। তিনি এজেন্সি মালিকদের এমন কোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
এ সময় রাজকীয় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের নেতারা এবং হজে আগ্রহী ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসআর