যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন।
বাংলাদেশ সফরে এটি তার প্রথম আনুষ্ঠানিক সফর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় তার আগমনের তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বার্তায় সার্জিও গরকে স্বাগত জানিয়ে বলেন, এ সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করতে সহায়ক হবে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণেও এই সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সফরের প্রথম দিনেই বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিভিন্ন অগ্রাধিকার এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হবে। এছাড়া বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান সম্পর্কেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআর