[email protected] বৃহঃস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটি পুনর্গঠন, সদস্য হলেন প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ৭:১৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি নতুন করে গঠন করেছে সরকার।

পুনর্গঠিত এই কাঠামোয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আওতায় ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটির এ পুনর্গঠন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল।

নতুন ট্রাস্টি বোর্ডে ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি।

ট্রাস্টি হিসেবে আরও রয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

অন্যদিকে, নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে।

সদস্য হিসেবে থাকছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছাড়াও মো. ফজলুর রহমান, মো. মনিরুল হক চৌধুরী এবং জয়নুল আবদিন ফারুক।

এ ছাড়া পদাধিকারবলে অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

পুনর্গঠিত কাঠামো অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নির্বাহী কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এ পুনর্গঠনের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর