[email protected] বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩

সংসদ ভবন এলাকায় অগ্নিকাণ্ড, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ৯:২৪ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ ভবন চত্বরে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

ঘটনার পর জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংসদ সচিবালয়ের সচিব ঘটনাস্থল পরিদর্শন করেন।

তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অগ্নিকাণ্ডের উৎস নির্ণয়, ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণের জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার।

সংসদ সচিবালয় জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এসআর

সম্পর্কিত খবর