[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু: যোগ্যতা ও আবেদনের নির্দেশিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ৯:২৫ এএম

সংগৃহীত ছবি

আগামী বছরের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, যা আগামী

 ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। হজে গমনেচ্ছুদের নির্ধারিত এই সময়ের মধ্যেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপের আলোকেই ধর্মবিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশে এই সময়সূচি নির্ধারণ করেছে।

​সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে। তবে এর পূর্বে প্রতিটি নিবন্ধনের জন্য ৩০ হাজার টাকা জমা দিয়ে বাধ্যতামূলকভাবে প্রাক-নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পছন্দের হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধের মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি ব্যবস্থাপনার প্রার্থীরা ই-হজ পোর্টালে (hajj.gov.bd) অ্যাকাউন্ট তৈরি করে সরাসরি নিবন্ধন করতে পারবেন।

​এছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি), ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। সরকারি মাধ্যমের জন্য সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত ভাউচারে ফি জমা দিতে হবে। অপরদিকে বেসরকারি মাধ্যমে যেতে ইচ্ছুকদের সংশ্লিষ্ট অনুমোদিত হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা দিতে হবে, যার বিস্তারিত তথ্য হজ পোর্টালে প্রকাশ করা হয়েছে।

 

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সি কোনো ব্যক্তি হজের নিবন্ধন করতে পারবেন না। পাশাপাশি গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

​এর মধ্যে রয়েছেন হৃদ্রোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিলতা, স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়া এবং ক্যানসারের জন্য কেমোথেরাপি, রেডিওথেরাপি বা বায়োলজিক্যাল থেরাপিতে থাকা রোগীরা। এছাড়া যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারের মতো জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক ও সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যাওয়ার অনুমতি পাবেন না।

এসআর

সম্পর্কিত খবর