[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

শিগগিরই ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ৮:৫৯ পিএম

সংগৃহীত ফাইল

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সরকারের বিনিয়োগবান্ধব উদ্যোগের ফলে অল্প সময়ের মধ্যেই দেশে প্রায় ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

রোববার (২৬ জুলাই) ফেনীর সোনাগাজীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান বৃদ্ধিকে অন্যতম অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে জাতীয় সংসদে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যাক্ট পাস হয়েছে। তার মতে, নতুন এই আইন দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে, যার মাধ্যমে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।

 

তিনি বলেন, উচ্চশিক্ষা শেষ করা তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করতে হলে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো জরুরি। এ কারণে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে।

 

দিনের প্রথম ভাগে মন্ত্রী চরমজলিশপুর, বগাদানা ও মতিগঞ্জ ইউনিয়নে তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। পরে তিনি স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ এবং মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনেরও উদ্বোধন করেন।

 

বিকেলে জেলা কৃষক দলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি জানান, মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণ, লালপুল ফ্লাইওভার এবং রামতাঘাট উন্নয়ন প্রকল্প তার অগ্রাধিকারের তালিকায় রয়েছে। আগামী একনেক সভায় মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণ প্রকল্প উপস্থাপনের আশা প্রকাশ করেন তিনি।

 

এ সময় ফেনী জেলা বিএনপি, কৃষক দল, যুবদল এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর