[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

সাবেক রাষ্ট্রপতির অতীত ভূমিকা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ৭:২৯ পিএম

সংগৃহীত ফাইল

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অতীত দায়িত্ব পালন নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, তদন্তে অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আইনমন্ত্রী জানান, জনমনে উত্থাপিত অভিযোগ এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মো. সাহাবুদ্দিনের দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ও ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময়কার কর্মকাণ্ড পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, সরকার কাউকে অযথা হয়রানি করতে চায় না। তবে অভিযোগের নিরপেক্ষ তদন্ত শেষে আইনসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে।


নতুন রাষ্ট্রপতি নিয়োগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানের বিধান অনুসরণ করেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ বিষয়ে জনগণকে ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি।


বক্তব্যে অতীত সরকারের সময় দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ তুলে ধরে আইনমন্ত্রী দাবি করেন, গত ১৬ বছরে বৈধ চ্যানেলের আড়ালে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক একটি সাময়িকীতে প্রকাশিত তথ্য অনুযায়ী এ অঙ্ক প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের কয়েকটি জাতীয় বাজেটের সমপরিমাণ।


তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত ব্যয় দেখানো এবং বাস্তবায়ন ছাড়াই অর্থ আত্মসাতের মতো অনিয়ম ঘটেছে। এসব কর্মকাণ্ড দেশের অর্থনীতি ও জনগণের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।


জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে আইনমন্ত্রী বলেন, এসব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বর্তমানে মিথ্যা মামলার প্রবণতা আগের তুলনায় কমেছে বলেও দাবি করেন তিনি।


নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আইন পেশায় সফল হতে হলে নিয়মিত অধ্যয়ন, সততা ও ন্যায়বিচারের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে হবে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধী নিজের দলের হলেও আইনগত অবস্থান থেকে আপস করা উচিত নয়।


অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে স্থানীয় বিচার বিভাগ, প্রশাসন, সিটি করপোরেশন, বার কাউন্সিল ও আইনজীবী সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর