সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিদ্যমান আইন ও সংবিধানের আওতায় ফৌজদারি মামলা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত নিরাপত্তাসহ প্রাপ্য সকল সুবিধা পাবেন তিনি।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সাংবিধানিক সুরক্ষা কার্যকর থাকে। সে কারণে দায়িত্ব পালনের সময়কার কর্মকাণ্ড নিয়ে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের সুযোগ সীমিত।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, স্বৈরাচার পতনের শেষ পর্যায়, অন্তর্বর্তী সরকারের সময় এবং বর্তমান সরকারের প্রথম কয়েক মাসে মো. সাহাবুদ্দিন সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার সহযোগিতা পেয়েছে।
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশে সবাই নিজ নিজ মতামত প্রকাশের অধিকার রাখে।
তবে এ পর্যন্ত সরকারের দৃষ্টিতে এমন কোনো বিষয় আসেনি, যা নিয়ে আইনগত পদক্ষেপের প্রয়োজন দেখা দিয়েছে।
নিরাপত্তা ও অন্যান্য সুবিধার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন নির্ধারিত সময় পর্যন্ত এসএসএফ, পিজিআর এবং অন্যান্য সংস্থার নিরাপত্তা সুবিধা পাবেন।
পাশাপাশি প্রযোজ্য সব সরকারি সুবিধাও তার জন্য বহাল থাকবে।
এসআর