[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ১২:৫৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর 'সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬' এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন

 প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই পর্ষদের উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

​আইএসপিআর জানায়, প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদের মাধ্যমে সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির বিষয়টি বিবেচনা করা হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া মূল্যবান বক্তব্যে প্রধানমন্ত্রী প্রথমেই স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সকল বীর সেনানীদের এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষায় দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনা সদস্যদের অবদান স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।

​পর্ষদের সদস্যদের উদ্দেশ্যে নির্দেশনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে স্থান দেওয়া যাবে না। কর্মকর্তাদের সততা, আনুগত্য, শৃঙ্খলার মান, নেতৃত্বের গুণাবলি, পেশাগত দক্ষতা এবং দায়িত্ব পালনের উপযুক্ততাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।

​প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন, সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা নিশ্চিত করা ও দুর্যোগ মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর এই ত্যাগ ও অবদানের জন্য তিনি সেনাপ্রধানসহ সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

​এর আগে প্রধানমন্ত্রী সেনা সদর দপ্তরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। ব্যস্ত সূচির মধ্যেও উপস্থিত হয়ে পর্ষদ উদ্বোধন করায় সেনাপ্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন এবং পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিপিবদ্ধ করেন। 

এসআর

সম্পর্কিত খবর