[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ১২:৪৯ পিএম

সংগৃহীত ছবি

শারীরিক অসুস্থতার কারণে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকেলে বঙ্গভবন

 ছেড়ে গুলশানের নিজ বাসভবনে উঠছেন। ইতোমধ্যে বঙ্গভবন ছাড়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

​আজ রোববার (২৬ জুলাই) বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানান, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সপরিবারে রাজধানীর গুলশানের বাসায় উঠবেন। বাসাটির প্রয়োজনীয় সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে। মো. সাহাবুদ্দিনও নিশ্চিত করেছেন যে, গত কয়েকদিন ধরেই তাঁর ব্যক্তিগত মালামাল গুলশানের বাড়িতে নেওয়ার প্রক্রিয়া চলছিল।

​এর আগে গত শুক্রবার শারীরিক নানা জটিলতা ও অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত সমস্যায় ভুগছেন। পাশাপাশি বাইপাস সার্জারির পর 'অটোনোমিক নিউরোপ্যাথি' নামক জটিলতায় আক্রান্ত হওয়ায় তিনি মাঝেমধ্যেই কিছুক্ষণের জন্য সচেতনতা হারিয়ে ফেলেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।

​সাংবিধানিক বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তবে তিনি বঙ্গভবনে উঠবেন না, স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করে বঙ্গভবনে অফিস পরিচালনা করবেন। এজন্য গত শুক্রবার থেকেই স্পিকারের বাসভবন ও এর আশপাশে রাষ্ট্রপতির জন্য নির্ধারিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর