বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা অন্য কোনো অপ্রাসঙ্গিক বিবেচনার পরিবর্তে যোগ্যতা ও পেশাগত মানদণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৬ জুলাই) সকালে সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির জন্য কর্মকর্তাদের মূল্যায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি নির্দেশনা দেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মকর্তাদের কর্মদক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং সততাকেই প্রধান বিবেচনায় রাখতে হবে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দুর্যোগকালীন সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।
সেনাবাহিনীর এই ধারাবাহিক অবদানের জন্য সেনাপ্রধানসহ বাহিনীর সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় ভূমিকা রেখে যাবে।
এসআর