প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের সাফল্যের ধারাবাহিকতায় সেমিকন্ডাক্টর শিল্প বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
শনিবার রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে।
সেমিকন্ডাক্টর খাতকে ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভিত্তি হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই আয়োজন শুধু একটি সম্মেলন নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, গবেষক ও উদ্যোক্তাদের একটি গুরুত্বপূর্ণ মিলনমঞ্চ।
তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন।
তাদের অভিজ্ঞতা ও অংশগ্রহণ দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যা হবে আত্মনির্ভরশীল, উদ্ভাবনভিত্তিক এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অর্থনীতির দেশ।
এসআর