সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী রোববার (২৬ জুলাই) বঙ্গভবন ত্যাগ করবেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির পদ ছাড়ার দুই দিনের মধ্যেই তিনি সরকারি বাসভবন থেকে সপরিবারে রাজধানীর গুলশানে নিজস্ব বাসভবনে চলে যাবেন।
পরিবারের একটি সূত্র জানিয়েছে, বঙ্গভবন ছাড়ার প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। নির্ধারিত দিনেই তিনি সরকারি বাসভবন ত্যাগ করবেন।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জরুরি সংবাদ ব্রিফিংয়ে জানান, বিকেল ৫টা ১ মিনিটে মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরিত পদত্যাগপত্র তার কাছে পৌঁছায় এবং তিনি সেটি গ্রহণ করেন।
স্পিকারের ভাষ্য অনুযায়ী, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুসারে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আরও জানান, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ায় মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নেন।
পদত্যাগপত্রে সাবেক রাষ্ট্রপতি নিজের শারীরিক অবস্থার পাশাপাশি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময়কার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
এসআর