রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ কার্যকর হওয়ার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ সচিবালয়ে স্পিকারের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্র গ্রহণের পর সাংবিধানিক নিয়ম অনুসারে রাষ্ট্রপতির দায়িত্ব স্পিকারের ওপর অর্পিত হয়।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন।
এছাড়া ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি কোনো কারণে দায়িত্ব পালনে অক্ষম থাকলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদে বলা হয়েছে, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
আর ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
এসআর