রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেন।
এ বিষয়ে বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের।
সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার।
একই সঙ্গে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বিভিন্ন মহলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি উঠে আসে।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য তার পদত্যাগের দাবিতে প্রতিবাদ জানান।
২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন।
নিয়ম অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।
তার দায়িত্ব পালনকাল ছিল দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
এ সময় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়া স্বল্প সময়ের ব্যবধানে তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়ে দেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী নজিরও স্থাপন করেন তিনি।
এসআর