প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
এ লক্ষ্য অর্জনে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টরস এক্সপোতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের সামনে নানা ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনার ক্ষেত্রও বিস্তৃত।
সেই সম্ভাবনাকে কাজে লাগাতে নিরাপদ, স্থিতিশীল ও টেকসই বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর ও ভ্যাট ব্যবস্থা আরও সহজ ও কার্যকর করার পাশাপাশি বিনিয়োগ-সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া সরলীকরণে সরকার কাজ করছে।
একই সঙ্গে সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগও জোরদার করা হয়েছে।
তারেক রহমান আরও বলেন, সরকার স্বল্পমেয়াদি বিনিয়োগের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও টেকসই বিদেশি বিনিয়োগকে বেশি গুরুত্ব দিচ্ছে।
এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের গতি বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসআর