নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে নগরীর হাজীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় স্মৃতিস্তম্ভের মূল কাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, স্মৃতিস্তম্ভটি লোহার প্লেটে নির্মিত হওয়ায় আগুনে এর স্থায়ী ক্ষতি হয়নি। ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটি গত বছরের ১৪ জুলাই উদ্বোধন করা হয়। এটি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত এবং দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ হিসেবে পরিচিত। পরে দেশের বিভিন্ন জেলায় একই ধরনের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পক্ষের সম্পৃক্ততার অভিযোগ ছড়িয়ে পড়লেও পুলিশ বলছে, তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, কয়েক দিন আগে স্মৃতিস্তম্ভের চারপাশে কাপড় দিয়ে সাজসজ্জা করা হয়েছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূর থেকে ছোড়া জ্বলন্ত কোনো বস্তুতে ওই কাপড়ে আগুন লাগে। দায়ীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।
বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
এসআর