জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সরকারের লক্ষ্য, আগামী ৩১ আগস্টের মধ্যে এয়ারবাসের সঙ্গে ক্রয়চুক্তি স্বাক্ষর করা। পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সাল থেকে ধাপে ধাপে নতুন উড়োজাহাজগুলো বহরে যুক্ত হবে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং ও এয়ারবাস উভয় নির্মাতার উড়োজাহাজ নিয়ে মিশ্র বহর পরিচালনা করবে।
বিমান খাতের সংশ্লিষ্টদের মতে, মিশ্র বহর পরিচালনার ফলে উড়োজাহাজ সংগ্রহে বিকল্প বাড়লেও পাইলট প্রশিক্ষণ, প্রকৌশলী, যন্ত্রাংশ সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের মতো খাতে অতিরিক্ত ব্যয়ের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। তাই চূড়ান্ত সিদ্ধান্তের আগে আর্থিক লাভ-ক্ষতির বিস্তারিত মূল্যায়ন গুরুত্বপূর্ণ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বহর বৈচিত্র্য আনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে ভবিষ্যতে একটি মাত্র নির্মাতার ওপর নির্ভরশীলতা কমবে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হবে। চুক্তি সম্পন্ন হওয়ার পর মূল্য ও অন্যান্য শর্ত প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে উড়োজাহাজ সরবরাহ নিয়ে দীর্ঘদিন ধরেই বোয়িং ও এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলছে।
বিভিন্ন পর্যায়ের আলোচনা শেষে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার বিষয়ে দুই পক্ষ নীতিগত সমঝোতায় পৌঁছেছে।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। নতুন ১০টি যুক্ত হলে বহরের সংখ্যা বেড়ে ২৯টিতে পৌঁছাবে।
এ বহর সম্প্রসারণ পরিকল্পনা বোয়িংয়ের প্রস্তাবিত ১৪টি উড়োজাহাজ কেনার পৃথক উদ্যোগের বাইরে বাস্তবায়ন করা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, বোয়িংয়ের উড়োজাহাজগুলোও ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে ধাপে ধাপে সরবরাহ পাওয়ার কথা রয়েছে।
এসআর