২০২৭ সালের হজের জন্য বেসরকারি এজেন্সির অধীনে গমনেচ্ছুক যাত্রীদের সুবিধার্থে
'বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ' ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এই প্যাকেজ ঘোষণা করেন। ঘোষিত নতুন এই প্যাকেজের আওতায় প্রতি হজযাত্রীর মোট খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
প্যাকেজের শর্তানুযায়ী, এ হজ প্যাকেজের অধীন যাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে সর্বোচ্চ তিন কিলোমিটার এবং মদিনায় মসজিদে নববী থেকে এক কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। এক কক্ষে সর্বোচ্চ ছয়জনের থাকার সুযোগ থাকবে এবং আবাসন কেন্দ্র দুই কিলোমিটারের বেশি দূরে হলে বিধি অনুযায়ী 'সালাওয়াত' বাস সেবা দেওয়া হবে। এছাড়া মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থানসহ 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সেবার অধীনে মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে সরকারি ব্যবস্থাপনার জন্যও দুটি পৃথক হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি 'হজ প্যাকেজ-১'-এর মোট খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং 'হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)'-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসআর