ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে সেখানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিলে গিয়ে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হয়।
এতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ৪১টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি আন্দোলনের সময় গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পর শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ।
আয়োজনে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী দলের নেতারা অংশ নেন।
এসআর