[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কয়েক বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ৫:০২ পিএম

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বজ্রপাতসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ সময় দেশের কয়েকটি বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

 

সোমবার (২০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসের প্রথম তিন দিনে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুই দিনে বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

 

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর মঙ্গলবার (২১ জুলাই) থেকে টানা চার দিন দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়াবিদদের তথ্যমতে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর আরেকটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ কারণে দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং দেশের অন্যান্য অঞ্চলেও এটি মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাব মাঝারি মাত্রায় বিরাজ করছে।

 

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলায়।

এসআর

সম্পর্কিত খবর