[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

জাবেদের গুলশানের ফ্ল্যাটে দুদকের টানা দ্বিতীয় দিনের অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ৩:৩৫ পিএম

সংগৃহীত ছবি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানে থাকা দুটি ফ্ল্যাটে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাট দুটির মালামালের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কাজ চলছে।

 

সোমবার (২০ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল আদালতের নির্দেশ বাস্তবায়নে কাজ করছে। প্রথম দিনের অভিযানে বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী পাওয়া যাওয়ায় সোমবারও ইনভেন্টরি কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

রোববার পরিচালিত অভিযানে ফ্ল্যাট থেকে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, রোলেক্সের চারটিসহ মোট আটটি ঘড়ির বক্স, তিন সেট মুক্তার গয়না, চারটি ঝাড়বাতি, একটি বেড, একটি সোফা এবং প্রায় ১০০টি কামিজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোলেক্স ঘড়িগুলোর ক্রয় রসিদ অনুযায়ী প্রতিটির মূল্য আনুমানিক ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে হতে পারে।

 

রাজনৈতিক পটপরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। শুরুতে দুদক, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। পরবর্তীতে টিম লিডার পরিবর্তনের কারণে তদন্ত দল পুনর্গঠন করা হয়।

 

বর্তমানে দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে নয় সদস্যের একটি দল তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। তার বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলায় সাবেক মন্ত্রী, তার স্ত্রী রুকমীলা জামান, ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মচারী এবং ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে।

 

গত ২ জুলাই আদালতের নির্দেশে গুলশানের দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ, তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দুদকের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে দুদকের পরিচালক (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট)-কে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইনভেন্টরি কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এর আগে আদালত সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে থাকা বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দ এবং যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি প্রতিষ্ঠানে বিনিয়োগ অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়। এসব সম্পদ ও বিনিয়োগের আনুমানিক মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।

 

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এসআর

সম্পর্কিত খবর