দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৯ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে এবং দেশের অন্যান্য অঞ্চলেও মোটামুটি সক্রিয় অবস্থায় আছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাব মাঝারি মাত্রায় বিরাজ করছে।
এ অবস্থায় সোমবার (২০ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এসআর