অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরের খাবার বাবদ প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে।
রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামায়াতের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অর্থমন্ত্রী বলেন, মুজিববর্ষ উদযাপনে ব্যয় হওয়া অর্থের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর খাবার ব্যয়ও উল্লেখযোগ্য ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, শুধু খাবার খাতেই বছরে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে।
এছাড়া আরও বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সরকারি ব্যয় ছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, মুজিববর্ষ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ, বিভিন্ন সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেলের স্থাপনা নির্মাণ এবং ডিজিটাল সময় গণনার বোর্ড স্থাপনসহ বিভিন্ন কার্যক্রমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে।
এ সংক্রান্ত পূর্ণাঙ্গ ব্যয়ের হিসাব 'মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী' শিরোনামে সংসদে উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জনগণের অর্থ বিদেশে পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকারের আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
এসআর