এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণভোটে জনগণ ‘জুলাই সনদের’ পক্ষে মত দিলেও সরকার এখনো তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি।
প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। তিনি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কথা বলছেন, কিন্তু বাস্তবে তা হচ্ছে না।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলামের দাবি, নির্বাচনের আগে সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর গণভোটে পাওয়া জনসমর্থনের প্রতিফলন ঘটেনি।
তিনি সতর্ক করে বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যতে বৃহত্তর গণআন্দোলনের প্রয়োজন দেখা দিতে পারে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে হরতাল বা অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হয়নি।
তবে পরিস্থিতির অবনতি হলে এমন কর্মসূচির বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে বলেও জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, জনগণের দেওয়া ক্ষমতা জনস্বার্থে ব্যবহার করা উচিত এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিকতা দেখাতে হবে।
বিএনপির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দলটি দীর্ঘদিন গণতন্ত্রের কথা বললেও বর্তমানে সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আগের অবস্থান থেকে সরে এসেছে।
তার ভাষ্য, বিএনপির ঘোষিত ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা থাকলেও এখন সে বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেই।
নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কারের নামে কোনো প্রহসন গ্রহণযোগ্য হবে না।
প্রয়োজন হলে নতুন সংবিধান প্রণয়ন এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
এসআর