[email protected] শনিবার, ১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩

আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ ধরনের সুবিধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ ৭:৩২ পিএম

সংগৃহীত ছবি

সরকার আগামী মাসে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছে।

এ কার্ডের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশিরা বিমানবন্দর, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, বিনিয়োগ ও সরকারি বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রবাসী কার্ড বাস্তবায়ন-সংক্রান্ত এক বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়। বৈঠকে জানানো হয়, সরকারের বিভিন্ন সেবা ডিজিটাল ও সমন্বিত করার অংশ হিসেবে প্রবাসীদের জন্য এ বিশেষ কার্ড চালু করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, প্রবাসী কার্ডের লক্ষ্য হলো বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য আর্থিক ও প্রশাসনিক সেবা সহজ করা, পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা ও প্রাতিষ্ঠানিক সুবিধা আরও সম্প্রসারণ করা।

প্রাথমিকভাবে কার্ডধারীরা যেসব সুবিধা পাবেন, তার মধ্যে রয়েছে—

  • বিমানবন্দরে লাউঞ্জ ব্যবহারের সুযোগ ও দ্রুত ইমিগ্রেশন সেবা।
  • নির্ধারিত স্থানে মিট অ্যান্ড গ্রিট সুবিধা।
  • বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ মূল্যছাড়।
  • নির্দিষ্ট শর্তে গাড়ি বুকিং এবং বিমানবন্দর পিক-আপ ও ড্রপ-অফ সুবিধা।
  • সরকারি হাসপাতালের প্রবাসী সেবা ডেস্ক এবং কিছু বেসরকারি হাসপাতালে বিশেষ ছাড়।
  • কার্ডধারীর মৃত্যু হলে মরদেহ দেশে আনার ক্ষেত্রে সহায়তা।
  • প্রবাসফেরতদের পুনর্বাসন ও বীমাসংক্রান্ত সুবিধা।
  • জমি নিবন্ধন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স ও বিনিয়োগসেবায় অগ্রাধিকার।
  • রেমিট্যান্স-ভিত্তিক রিওয়ার্ড, ঋণ সুবিধা, ক্রেডিট স্কোরিং এবং সহজ অর্থ লেনদেন।
  • জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, কনস্যুলার ও অন্যান্য সরকারি সেবায় অগ্রাধিকারমূলক সহায়তা।

বৈঠকে জানানো হয়, আগস্টের মাঝামাঝি সময়ে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের মাধ্যমে ডেবিট কার্ড আকারে এটি বিতরণ করা হবে।

পরে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসীর হাতে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বৈঠকে প্রবাসীদের দক্ষতা উন্নয়ন, আধুনিক সেবার সম্প্রসারণ এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের এই কর্মসূচির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এসআর

সম্পর্কিত খবর