দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আগামী সপ্তাহে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাস বুলেটিনে জানানো হয়, কুশিয়ারা নদীর পানি এখনও সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপৎসীমার ওপরে থাকলেও আগামী কয়েক দিনের মধ্যে পানি কমার সম্ভাবনা রয়েছে। উজান থেকে নতুন করে ঢল না আসা এবং বৃষ্টিপাত কমে যাওয়ায় এ অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৯ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকায় সাময়িক বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু নিম্নাঞ্চলেও পানি বাড়ার কারণে প্লাবনের আশঙ্কা রয়েছে।
এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কিছুটা বাড়লেও সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। অন্যদিকে গঙ্গা-পদ্মা এবং ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বাড়লেও আগামী কয়েক দিন তা বিপৎসীমার নিচেই থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের মনু, ধলাই, খোয়াই ও সারিগোয়াইন নদীর পানি আগামী কয়েক দিনে কমতে পারে। একই সময়ে রংপুর অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি হ্রাসের প্রবণতাও অব্যাহত থাকতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ১৬ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের সংলগ্ন উজানে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও সাত দিনের মধ্যে ২৫০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে তুলনামূলক কম বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী শুক্র ও শনিবার দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং এতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
এসআর