নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে উদযাপিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা
ইস্যুতে বিশ্বব্যাপী গুরুত্ব প্রদান ও জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নিং কাউন্সিল ১১ জুলাই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালে প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছিল।
এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষ্যে আগামী রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। পাশাপাশি দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিকগুলোও এই দিনটিতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।
এসআর