বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে সফর মাস গণনা শুরু হবে।
সে অনুযায়ী আগামী ১২ আগস্ট (বুধবার) সারা দেশে ধর্মীয় মর্যাদায় পবিত্র আখেরি চাহার সোম্বা পালন করা হবে।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনার পর সফর মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্পারসো, আবহাওয়া অধিদপ্তর এবং ঢাকা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম, ইমাম, খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন।
চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ জুলাই থেকে পবিত্র সফর মাস শুরু হবে এবং আগামী ১২ আগস্ট দেশব্যাপী আখেরি চাহার সোম্বা পালিত হবে।
এসআর