প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাধীনতার পর প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুতের যে দায়িত্ব ছিল, তা যথাযথভাবে পালন করা হয়নি।
তাঁর দাবি, সে সময় তালিকা প্রণয়নের প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব থাকায় একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তালিকা তৈরি সম্ভব হয়নি।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্যের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
একাত্তরের শহীদ পরিবার ও গণহত্যার শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মুক্তিযুদ্ধের শহীদদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি জানান, এ লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে সভা, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে তালিকা তৈরির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে গণহত্যার শিকার ব্যক্তি ও মুক্তিযুদ্ধে শহীদদের একটি গ্রহণযোগ্য তালিকা তৈরি করা সম্ভব হবে। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও সম্মান নিশ্চিত করা যাবে।
তিনি আরও জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে। কমিটির লক্ষ্য হলো প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিকভাবে শনাক্ত করে একটি নির্ভুল তালিকা প্রস্তুত করা।
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের প্রতি দায়িত্বশীল। তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। সে কারণেই বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের একটি নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত তালিকা তৈরিতে গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে তালিকা প্রণয়নে নানা জটিলতা সৃষ্টি হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার বিশেষজ্ঞদের সহযোগিতায় একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের চেষ্টা করছে।
এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেলে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় নির্ধারিত তারকা চিহ্নিত প্রশ্নগুলোর মধ্যে তিনটির উত্তর এবং সংশ্লিষ্ট সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।
এসআর