প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এসব শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, টানা বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও প্রতিকূল পরিস্থিতির কারণে কিছু পরীক্ষার্থী নির্ধারিত দিনে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে পারেননি।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর ফলে যেসব পরীক্ষার্থী বৈধ কারণে কোনো বিষয়ের পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
এদিকে, এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটি থাকার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল ছিল, তার কারণে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর প্রদান করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।
এসআর