[email protected] বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩

তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর, সংসদে দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ৯:৫১ এএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে নিজের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেছেন

 শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষা পুনরায় নেওয়া হবে। চট্টগ্রাম বোর্ডে বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষার জন্য যখন নতুন প্রশ্নপত্রের সেটে পরীক্ষা আয়োজন করা হবে, ঠিক সেই সময়েই সারা দেশের শিক্ষার্থীদের জন্য এই তিনটি বিষয়ের পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা হবে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের প্রক্রিয়াকালীন সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে মন্ত্রীর দুঃখ প্রকাশকে টেবিল চাপড়ে স্বাগত জানান উপস্থিত সংসদ সদস্যরা।

​সংসদে সম্পূরক প্রশ্নোত্তরে সংসদ সদস্য রুমিন ফারহানা এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দুর্যোগের মধ্যে একদিন বা দুদিন কেন পিছিয়ে দেওয়া গেল না, তা জানতে চান।

জবাবে শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন যে, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ পুরো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা বন্যার কারণে আগেই স্থগিত করা হয়েছিল। তবে দেশের বাকি অংশে পরীক্ষা নেওয়ার আগে সরকার ৬৪ জেলার এসপি, বিভাগীয় কমিশনার, ইউএনও এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিল।

আবহাওয়াবিদদের ইতিবাচক পূর্বাভাসের ওপর ভিত্তি করে আগের দিন বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে যথাসময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পরীক্ষার দিন সকালে আকস্মিক বৃষ্টিতে কুমিল্লা সরকারি কলেজের মাঠ তলিয়ে গেলে দ্রুত কেন্দ্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

মন্ত্রী জানান, দেশের অন্য কোথাও বড় দুর্যোগ না ঘটলেও কুমিল্লায় যে পরীক্ষার্থীর পোশাক ভিজে গিয়েছিল, তার জন্য শুকনো কাপড়ের ব্যবস্থা করে এক ঘণ্টা পর পরীক্ষা নেওয়া হয় এবং সময়ও বাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরও বৃষ্টি ও ঝড়ের কারণে শিক্ষার্থীদের ভোগান্তির দাবিকে প্রধান্য দিয়েই সরকার এই তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর