[email protected] শনিবার, ৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থান সবার অর্জন, বিচার হবে ন্যায়সংগতভাবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৬ ৪:০২ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয়; এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও শান্তির পক্ষে থাকা দেশের সব মানুষের সম্মিলিত সংগ্রামের ফল।

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য শুনে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন।


বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছরে তার পরিবার ও দেশের বহু মানুষ অন্যায়-অবিচারের শিকার হয়েছেন। আল্লাহ তাকে সেই অন্যায়ের জবাব দেওয়ার সুযোগ দিলেও তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না।


প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, প্রায় ১৭ বছর আগে তাকে দেশ ছাড়তে হয়েছিল। দীর্ঘ সময় পর দেশে ফিরে তিনি দেখেন, তার অনেক রাজনৈতিক সহকর্মী ও ছাত্রদলের বহু নেতাকর্মী আর বেঁচে নেই; অনেকে বিভিন্ন সময়ে প্রাণ হারিয়েছেন।


তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে। তবে বিচার প্রক্রিয়ায় যেন কোনো নির্দোষ ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও সরকার সতর্ক থাকবে। প্রয়োজন হলে সময় নিয়ে হলেও প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।


ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে শহীদ পরিবারের কয়েকজন সদস্য মঞ্চে উঠে তাদের স্বজন হারানোর বেদনাদায়ক স্মৃতি তুলে ধরেন। এক পর্যায়ে এক শহীদ জননী সন্তানের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লে মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অতিথিদের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকেও অশ্রুসিক্ত হতে দেখা যায়।

এসআর

সম্পর্কিত খবর