[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

ঢাকার বৃত্তাকার সড়ক ও নৌপথ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ৭:৫২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর দীর্ঘদিনের যানজট কমাতে বৃত্তাকার সড়ক ও নৌপথভিত্তিক যোগাযোগব্যবস্থা উন্নয়নের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ব্যবস্থাপনাবিষয়ক এক বৈঠকে এসব প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন।

 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে রাজধানীর ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর কেন্দ্রীয় সড়ক ব্যবহার না করেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করা সম্ভব হবে, যা যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

প্রকল্পের একটি অংশ আব্দুল্লাহপুর থেকে ধউর, বিরুলিয়া, গাবতলী, বছিলা, হাজারীবাগ, সোয়ারিঘাট, কদমতলী, তেঘরিয়া, পোস্তগোলা, ফতুল্লা, চাষাঢ়া ও শিমরাইল হয়ে ডেমরা পর্যন্ত বিস্তৃত। অপর অংশটি আব্দুল্লাহপুর থেকে তেরমুখ, পূর্বাচল ও বেরাইদ হয়ে ডেমরায় যুক্ত হবে।

প্রায় ৮৯ কিলোমিটার দীর্ঘ এই সড়কের রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশে বর্তমানে নির্মাণকাজ চলছে এবং এ পর্যন্ত প্রায় ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, সড়কটি চালু হলে সিলেট, মাওয়া ও চট্টগ্রামমুখী যানবাহনের বড় একটি অংশ রাজধানীতে প্রবেশ না করেই গন্তব্যে যেতে পারবে। এতে নগরীর অভ্যন্তরীণ সড়কে যানবাহনের চাপ কমবে এবং যানজটও অনেকটা হ্রাস পাবে।

বৈঠকে রাজধানী ঘিরে প্রায় ১১০ কিলোমিটার নৌপথকে কার্যকরভাবে ব্যবহার করার বিষয়েও আলোচনা হয়। বিশেষজ্ঞরা জানান, বৃত্তাকার নৌপথ চালু করা গেলে সড়কপথের ওপর নির্ভরতা কমবে, পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে এবং বিদ্যুৎচালিত নৌযান ব্যবহারের মাধ্যমে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি যাতায়াতের সময়ও কমে আসবে।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, সড়ক পরিবহন, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর