দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা কার্যক্রম চালু করতে যাচ্ছে ভারত।
আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ ও ভিসা প্রদান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার রাজধানীর একটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট। পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রও চালু করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপ করা হয়। পরে কিছু কেন্দ্র আংশিকভাবে চালু হলেও পর্যটন ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়নি।
নিরাপত্তাজনিত বিভিন্ন কারণে সময়ে সময়েই কয়েকটি ভিসা কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীদের জন্য ভারত সফরের সুযোগ আবারও উন্মুক্ত হচ্ছে।
এর আগে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব গ্রহণের পরই তিনি পর্যটন ভিসা পুনরায় চালুর এ ঘোষণা দেন।
এসআর