[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন ২০২৬ ২:৪৫ এএম

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন এলাকায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের মণিপুর অঞ্চলে।

রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। কম্পনের তীব্রতা তুলনামূলক কম হওয়ায় দেশের বিভিন্ন স্থানে হালকা ঝাঁকুনি অনুভূত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আকস্মিক এই ভূকম্পনের কারণে কিছু এলাকায় বাসিন্দাদের মধ্যে সাময়িক উদ্বেগ দেখা দেয়। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

সাম্প্রতিক সময়ে দেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর অঞ্চলের কাছে।

এ ছাড়া ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার একটি অপেক্ষাকৃত শক্তিশালী ভূমিকম্প দেশের প্রায় সব এলাকাতেই অনুভূত হয়। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটান।

স্বল্প সময়ের ব্যবধানে বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বিশেষজ্ঞদের ভাষ্য, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটি কয়েকটি সক্রিয় টেকটোনিক প্লেটের প্রভাবাধীন হওয়ায় মাঝেমধ্যে মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প হওয়া অস্বাভাবিক নয়।

এসআর

সম্পর্কিত খবর