বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, একীভূত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হতে পারে।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
গভর্নর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু তথ্য ছড়ানো হয়েছে যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট পাঁচটি ইসলামী ব্যাংকের বিষয়ে কার্যক্রম স্থগিত রয়েছে। তবে বাস্তবে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংক নিয়ে নিয়মিত কাজ করছে।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পরপরই সংশ্লিষ্ট ব্যাংকগুলোর চেয়ারম্যান পদত্যাগ করেন। পরবর্তীতে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়া শুরু হলেও বিভিন্ন প্রশাসনিক কারণে তা সম্পন্ন হতে কিছুটা সময় লাগে। আবেদন গ্রহণ, যাচাই-বাছাই এবং নিয়োগ কার্যক্রম শেষ করে নতুন ব্যবস্থাপনা পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।
মোস্তাকুর রহমান বলেন, সম্প্রতি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সভাও অনুষ্ঠিত হয়েছে এবং তাদের কার্যক্রম এগিয়ে চলছে। আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক কাজ করছে এবং আমানত ফেরতের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
বাজেটোত্তর এই সংবাদ সম্মেলনে সরকারের অর্থনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর