[email protected] শনিবার, ৪ জুলাই ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩

টানা ৫ দিন বৃষ্টি থাকবে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই ২০২৬ ১১:৪৫ পিএম

সংগৃহীত ছবি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর পার্শ্ববর্তী উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি আরও শক্তিশালী হতে পারে।

এর প্রভাবে দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে প্রকাশিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর ফলে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

৪ জুলাই (শনিবার): চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে এবং ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বর্তমানে রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও হতে পারে।

৫ জুলাই (রোববার): রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

৬ জুলাই (সোমবার): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কয়েকটি এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৭ জুলাই (মঙ্গলবার): দেশের আটটি বিভাগের অধিকাংশ এলাকাতেই দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, পাঁচ দিনের পরও দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এসআর

সম্পর্কিত খবর