ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট বা টাইম স্লট নির্ধারণে নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
নতুন এই ব্যবস্থা বুধবার (১ জুলাই) থেকে বাংলাদেশের সব আইভ্যাকে কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ভিসা আবেদনকারীরা আর নিজেদের সুবিধামতো সময় নির্বাচন করতে পারবেন না। আবেদন জমা দেওয়ার সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করবে।
আইভ্যাক জানিয়েছে, প্রতিটি কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতা বিবেচনায় রেখে ধারাবাহিকভাবে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করা হবে। ফলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আলাদাভাবে টাইম স্লট বেছে নেওয়ার প্রয়োজন থাকবে না।
এ ছাড়া আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাক কেন্দ্রে উপস্থিত হয়ে আবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কর্তৃপক্ষের মতে, এতে আবেদন গ্রহণ প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও সময়োপযোগী হবে।
এসআর