[email protected] মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩

পদ্মা সেতু চালুর পর ৪ বছরে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা, ১৬ কিস্তির ঋণ পরিশোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬ ৬:৫০ পিএম

সংগৃহীত ছবি

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত মোট ৪ বছরে সেতু দিয়ে ২ কোটি

 ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়কালে টোল বাবদ মোট ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, আদায় করা টোল থেকে বাংলাদেশ সরকারে কোষাগারে ঋণের ১৬টি কিস্তিতে এ পর্যন্ত ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা জমা দেওয়া হয়েছে।

একই সঙ্গে টোল আদায়ের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে ৪৩৬ কোটি ৭ লাখ ৭৪ হাজার ২২১ টাকা সরকারি কোষাগারে জমা পড়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকেই দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে।

​সেতু কর্তৃপক্ষ ও সরকারের অর্থ বিভাগের চুক্তি অনুযায়ী, ১ শতাংশ সুদহারে ৩৫ বছরে মোট ১৪০টি কিস্তির মাধ্যমে সুদসহ ৩৬ হাজার কোটি টাকা ঋণ পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। প্রতি অর্থবছরে চার কিস্তিতে এই অর্থ শোধ করতে হয় এবং এ পর্যন্ত পরিশোধিত ১৬টি কিস্তির কোনো টাকাই বকেয়া নেই।

টোল আদায়ের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই সব ঋণ পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করছে সেতু কর্তৃপক্ষ। বর্তমানে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সেতুর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি ইউনিফায়েড ন্যাশনাল ইটিসি ফ্রেমওয়ার্ক (ইউএনইএফ) বাস্তবায়নে কাজ চলছে।

এসআর

সম্পর্কিত খবর