[email protected] মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬ ৬:৪১ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

 হয়েছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে মঙ্গলবার (৩০ জুন) কণ্ঠভোটে এই বাজেট পাস হয়। আগামীকাল বুধবার (১ জুলাই) থেকে নতুন এই বাজেট কার্যকর হবে।

​এর আগে সোমবার (২৯ জুন) পাস হওয়া অর্থবিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে করমুক্ত আয়সীমা বাড়িয়ে চার লাখ টাকা নির্ধারণ করা হয়েছে এবং আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে। এছাড়াও, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে এবং খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে।

​গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ শিরোনামে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন। নতুন বাজেটের মূল বৈশিষ্ট্যগুলো হলো:

​ব্যায়: উন্নয়ন ব্যয় ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা এবং পরিচালন ব্যয় ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা (ঋণ সুদ ও বেতন-ভাতা বাদে)।

​রাজস্ব ও অনুদান: রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং বিদেশি অনুদান ৬ হাজার ১৫০ কোটি টাকা।

​ঋণ ও ঘাটতি: সামগ্রিক বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার ৮৫০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​সরকার সুদ পরিশোধের জন্য ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রেখেছে।

এসআর

সম্পর্কিত খবর