[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

মেগা প্রজেক্ট নয়, মানবসম্পদ উন্নয়নই লক্ষ্য: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ৮:৪৩ এএম

সংগৃহীত ছবি

শুধু মেগা প্রকল্প বানিয়ে ও মানুষকে চমকে দিয়ে উন্নতির ফানুস তৈরি করে মেগা লুটের ব্যাপারে

 বর্তমান সরকারের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি উল্লেখ করেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রীও বলেছেন যে বিগত সরকারের আমলে নেওয়া অনেক প্রকল্প এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। মেগা প্রকল্পের অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার এ বিষয়ে বেশ রক্ষণশীল এবং মেগা প্রকল্পের চেয়ে মানবসম্পদের উন্নয়নকেই প্রধান বিবেচনা হিসেবে দেখছে।

​শনিবার (২৭ জুন) রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ‘জাতীয় বাজেটের সুফল পেতে অর্থের যোগান অপেক্ষা বাস্তবায়ন দক্ষতা বেশি জরুরি’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

​প্রতিমন্ত্রী জানান, সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে একটি সরকার এসে সব প্রকল্প হুট করে বন্ধ করে দিলে অর্থনৈতিক সমস্যা তৈরি হয়। তাই সরকার এখন প্রকল্পগুলো যৌক্তিকীকরণ বা রেশনালাইজ করে সম্পন্ন করার দিকে এগোচ্ছে। যেসব প্রকল্পের বাস্তব অগ্রগতি কম, সেগুলোকে নতুন প্রকল্পের সঙ্গে একীভূত বা ইন্টিগ্রেট করে এগিয়ে নেওয়ার জন্য ব্যাপক পুনঃসজ্জার পরিকল্পনা চলছে। দেশের উৎপাদনশীল খাত ও যোগাযোগ ব্যবস্থার জন্য যতটুকু প্রয়োজনীয়, সরকার কেবল সেসব প্রকল্পই হাতে নেবে।

​ঋণ পরিস্থিতি ও রাজস্ব আদায় নিয়ে জোনায়েদ সাকি বলেন, ২০১২ সালে নেওয়া অনেক উন্নয়ন প্রকল্প এখনও চলমান থাকায় এবং আগের সরকারের নেওয়া ঋণের সুদ পরিশোধের দায় বহন করতে হওয়ায় সরকার চাইলেই দ্রুত ঋণের চক্র থেকে বের হতে পারছে না। তবে রাজস্ব আদায় ও অর্থনৈতিক সক্ষমতা বাড়িয়ে ধীরে ধীরে ঋণনির্ভরতা কমিয়ে আনার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। গত চার মাসে এনবিআরের কার্যক্রমে গতিশীলতা আসায় চলতি অর্থবছরে রাজস্ব আদায় ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং সামনে নতুন কিছু উদ্যোগ কার্যকর হলে আগামী অর্থবছরে আরও অতিরিক্ত ২ লাখ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর