[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, সঙ্গে স্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন ২০২৬ ৩:৪৫ পিএম

সংগৃহীত ছবি

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে দুই দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

রোববার দুপুরের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে একান্ত বৈঠকেরও কথা রয়েছে।

সফরের আলোচ্যসূচিতে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণ, অনিয়মিত অভিবাসী শ্রমিকদের বৈধতার আওতায় আনা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা খাতে সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতসহ কয়েকজন উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ ছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার) তানভীর গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সফর শেষে সোমবার মালয়েশিয়া থেকে চীনের দালিয়ান শহরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এদিকে বাংলাদেশ সরকারের প্রধানকে স্বাগত জানাতে প্রস্তুত কুয়ালালামপুর। সফর উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর