[email protected] শুক্রবার, ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩

মালয়েশিয়া-চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন ২০২৬ ৮:৫৮ পিএম

সংগৃহীত ছবি

সরকারি সফরে মালয়েশিয়া ও চীন সফর শেষ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪০ মিনিটে চীনের রাজধানী বেইজিং থেকে তাকে বহনকারী বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করে। সন্ধ্যা বা রাতের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।


প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরকারের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী, দলীয় নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


তারেক রহমান ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফর শুরু করেন। এরপর তিনি চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ২০২৬-এ অংশ নেন। কর্মসূচি শেষে তিনি বেইজিংয়ে গিয়ে দ্বিপক্ষীয় বৈঠক ও অন্যান্য রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকের পর দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৩টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। একই সফরে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যেও একটি সমঝোতা স্মারক সই করা হয়।


এ ছাড়া প্রধানমন্ত্রী বিনিয়োগবিষয়ক একটি সম্মেলনে বক্তব্য দেন এবং চীনের বিভিন্ন সরকারি সংস্থা ও শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।

এসআর

সম্পর্কিত খবর