জরুরি রক্ষণাবেক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নকাজের কারণে আজ শনিবার (২০ জুন) চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
চাঁপাইনবাবগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) জানিয়েছে, সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে ৩৩ কেভি বিদ্যুৎ লাইন স্থানান্তরের কাজ করা হবে।
এ কারণে শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ফলে ওই সময়ের মধ্যে শিবগঞ্জ এলাকার গ্রাহকরা সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার মুখে পড়বেন।
নেসকোর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্বার্থে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে সৃষ্ট ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, চুয়াডাঙ্গায় বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে লাইনের আশপাশের গাছপালার ডালপালা ছাঁটাইয়ের কাজ হাতে নিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
এ কারণে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বড়বাজার ও নিউ মার্কেট ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে দৌলোদিয়ার সরদারপাড়া, স্কুলপাড়া, ফায়ার সার্ভিসপাড়া, বঙ্গজপাড়া, বড়বাজার নিউ মার্কেট এলাকা, মুক্তিপাড়া, থানা রোড সংলগ্ন এলাকা, দক্ষিণপাড়া এবং কোরিয়াপাড়া।
ওজোপাডিকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে।
একই সঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
এসআর