[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

নতুন রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ১০ জেলা, জানালেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ৮:৩৬ পিএম

সংগৃহীত ছবি

দেশের রেল অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

তার ভাষ্য অনুযায়ী, রাজধানীর আশপাশের এলাকা এবং দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা নতুন রেল সংযোগের সুবিধা পেতে যাচ্ছে।

 

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা, চলমান উন্নয়ন প্রকল্প, সেবার মান এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।

 

তিনি বলেন, বৈঠকে দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি নতুন কিছু উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের রেল নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে।

 

মন্ত্রী জানান, আখাউড়া-সিলেট এবং সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এছাড়া ধীরাশ্রমে একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনের প্রকল্প অনুমোদন পেয়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটের রেল অবকাঠামো উন্নয়ন নিয়েও কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।

 

নতুন রেল সংযোগের আওতায় আনার পরিকল্পনায় থাকা জেলাগুলো হলো—শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং লক্ষ্মীপুর।

 

সংশ্লিষ্টদের মতে, এসব জেলায় রেল যোগাযোগ চালু হলে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

এসআর

সম্পর্কিত খবর